এনসিপির ঢাকা মহানগর উত্তরের নতুন ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
এনসিপির ঢাকা মহানগর উত্তরের নতুন ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাদিয়া ফারজানা (দিনা)। গত ছয় মাস এই পদে দায়িত্ব পালন করা সর্দার আমিরুল ইসলামকে বহিষ্কারের ১২ ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এর আগে রোববার (১৭ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সর্দার আমিরুল ইসলাম অভিযোগ করেন, দলটি ডানপন্থার দিকে ঝুঁকে পড়ছে এবং এর ফলে তার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা সম্ভব নয়। ওই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যরাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে এনসিপি।

পরদিন সোমবার (১৮ মে) বেলা পৌনে দুইটার দিকে দলীয় বিজ্ঞপ্তির মাধ্যমে সাদিয়া ফারজানাকে ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদে শূন্যতা সৃষ্টি হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাদিয়া ফারজানা দিনা এর আগে এনসিপির ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সেলেও যুক্ত ছিলেন।

দলের অভ্যন্তরীণ এই পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।