আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

পুঁজিবাজারে আড়াইশো কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে প্রয়োজনীয় নথিপত্র ও তদন্ত প্রতিবেদন জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের আওতায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, পুঁজিবাজারে আলোচিত কারসাজির ঘটনায় বিএসইসি থেকে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তা। এর আগে গত বছরের জুনে দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা প্রায় ২৫৬ কোটি টাকা হাতিয়ে নেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এর মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে সরাসরি প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি আলোচিত কারসাজিকারী আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেন এবং পরে বাজার কারসাজিতে যুক্ত হয়ে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন।

এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে দুদক।

অন্যদিকে সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে সাকিব আল হাসান শেয়ারবাজার সংক্রান্ত অভিযোগের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, দীর্ঘ সময় পার হলেও এখনো অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এবং তদন্ত প্রক্রিয়া অগ্রগতিহীন অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলেও দীর্ঘ সময়েও কোনো ফলাফল আসেনি। তার ভাষ্য অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে তিনি আইনি প্রক্রিয়া মেনে নিতে প্রস্তুত, তবে প্রমাণ না থাকলে দ্রুত তাকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান।

দুদকের চলমান তদন্তে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে ক্রীড়া ও অর্থনৈতিক অঙ্গনে।