সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী। রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এদিকে চলতি মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন। এখন পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮২টি ফ্লাইটে পরিবহন করা হয়েছে ৩২ হাজার ৫০৮ জন হজযাত্রী। এছাড়া সৌদি এয়ারলাইনস-এর ৫৭টি ফ্লাইটে গেছেন ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস পরিচালিত ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন।

হজ পালনে গিয়ে এখন পর্যন্ত মারা যাওয়া ১৭ বাংলাদেশির মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে মক্কা-য় ১২ জন এবং মদিনা-য় ৫ জনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফা-য় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ-২০২৬ কার্যক্রমের সার্বিক তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবার ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়। হজযাত্রী পরিবহন কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।