সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশি ৬৩,২৬১ হজযাত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশি ৬৩,২৬১ হজযাত্রী

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৬৩টি হজ ফ্লাইটে ৬৩ হাজার ২৬১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১৮ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ হজ অফিস।

হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত স্বাভাবিক কারণে ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন নারী। মৃতদের মধ্যে ১২ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা যান।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত ৩৪ হাজার ৩৭০ জনকে চিকিৎসা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৭ হাজার ৯৮৮ জন হজযাত্রীকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করছেন। বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩২ হাজার ৮৪০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৮টি ফ্লাইটে ২১ হাজার ৯৬৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ হজ অফিস আরও জানায়, এখনো ১৫ হাজার ১২৬ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে সৌদি আরবে যাবেন।

উল্লেখ্য, ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা শুরু করে। সেই ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।