
সাতক্ষীরার শ্যামনগরে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আযম মনিরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস দলের এই অর্জন শুধু তাদের নয়, পুরো শ্যামনগরের জন্য গর্বের। তারা খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।
আপনার মতামত লিখুন :