লিচুর বিচি গলায় আটকে চকরিয়ায় শিশুর মৃত্যু


মোঃমাঈনুদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি: প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
লিচুর বিচি গলায় আটকে চকরিয়ায় শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে লিচুর বিচি গলায় আটকে ওয়াসিনাত (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত ওয়াসিনাত বমু বিলছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া গ্রামের পশু চিকিৎসক আবু নোমান ওসমানীর মেয়ে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটির গলায় লিচুর বিচি আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ভুগতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল মোস্তফা নাদিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় স্বজন ও প্রতিবেশীরা গভীরভাবে শোকাহত। স্থানীয়রা বলছেন, ছোট একটি অসতর্কতার কারণে এমন প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।