রাজধানীতে উদ্ধার মাথাবিহীন খণ্ডিত মরদেহ: হত্যার ভয়াবহ বর্ণনা দিলেন মা-মেয়ে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
রাজধানীতে উদ্ধার মাথাবিহীন খণ্ডিত মরদেহ: হত্যার ভয়াবহ বর্ণনা দিলেন মা-মেয়ে

রাজধানীর মুগদায় সৌদি প্রবাসী মুকাররমের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে র‌্যাব-৩ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও সৌদি প্রবাসী মুকাররম পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ডের শিকার হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর হত্যা করে। পরে মরদেহ ৮ টুকরো করে পলিথিনে মুড়িয়ে রাজধানীর মান্ডা এলাকার বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

এর আগে রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে মুগদা থানার পুলিশ মান্ডা ১ম গলি এলাকার আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির সাত টুকরো মরদেহ উদ্ধার করে। তবে ওই সময় মাথার অংশ উদ্ধার করা যায়নি।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন গণমাধ্যমকে জানান, মরদেহটি পচাগলা অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন অংশ পলিথিনে মোড়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়, হত্যার পর মরদেহ টুকরো করে অন্য স্থান থেকে এনে ভবনের বেজমেন্টে ফেলে রাখা হয়েছিল।

পরে তদন্তের একপর্যায়ে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়। এরপর অভিযান চালিয়ে হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে গ্রেপ্তার করে র‌্যাব। হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক জটিলতা কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তথ্য এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বর্তমানে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।