রাউজানে পরিত্যক্ত দুটি বন্দুক উদ্ধার করল র‌্যাব


আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম। প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
রাউজানে পরিত্যক্ত দুটি বন্দুক উদ্ধার করল র‌্যাব

চট্টগ্রামের রাউজান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক ও একটি দুইনলা পাইপ গান।

সোমবার (১৮ মে) সকাল পৌনে ৮টার দিকে রাউজানের নোয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়।

র‌্যাব সূত্রে জানা যায়, তথ্য পাওয়া যায় যে রাউজান থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা ওসমান নামের এক ব্যক্তির বসতবাড়ির পেছনে একটি কাঁঠাল গাছের নিচে কিছু অবৈধ অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ তথ্যের সত্যতা যাচাই করতে র‌্যাব ঘটনাস্থলে অভিযান চালায়।

তল্লাশির সময় সেখানে থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং একটি দুইনলা পাইপ গান উদ্ধার করা হয়। পরবর্তীতে অস্ত্র দুটি জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফফর হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অস্ত্র উদ্ধারের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।