যত ইচ্ছে খান, কিন্তু বমি করলেই জরিমানা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
যত ইচ্ছে খান, কিন্তু বমি করলেই জরিমানা

খাবার নষ্ট করা ঠেকাতে রেস্তোরাঁয় বাড়তি চার্জ বা জরিমানার নিয়ম অনেক জায়গাতেই প্রচলিত। তবে এবার ব্যতিক্রমী এক নিয়ম চালু করে আলোচনায় এসেছে স্পেনের একটি বুফে রেস্তোরাঁ, যেখানে অতিভোজের কারণে কেউ বমি করলে গুনতে হবে ‘বমি ফি’ বা জরিমানা।

স্পেনের সেভিয়া অঞ্চলের গেলভেস শহরের ‘সুশি তেরো’ নামের একটি বুফে রেস্তোরাঁ এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের অতিরিক্ত খাওয়ার কারণে রেস্তোরাঁর ভেতর বমি করার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে অন্য গ্রাহকদের অসুবিধা সৃষ্টি হওয়া ছাড়াও পরিবেশ, পরিষেবা ও স্বাস্থ্যবিধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় বাধ্য হয়ে তারা এমন নিয়ম চালু করেছে বলে জানিয়েছে রেস্তোরাঁটি। রেস্তোরাঁর প্রবেশপথে টাঙানো একটি নোটিশে বলা হয়েছে, “অতিরিক্ত খাওয়ার ফলে কোনো গ্রাহক যদি বমি করেন, তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে জরিমানা আদায়ের অধিকার সংরক্ষণ করে।”

কর্তৃপক্ষের দাবি, রেস্তোরাঁয় আসা অন্যান্য অতিথিদের স্বস্তি ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও বলেন, খাবার পরিবেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করেন, তবে কিছু গ্রাহকের অতিভোজের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।

যদিও ঠিক কত পরিমাণ জরিমানা দিতে হবে তা স্পষ্ট করে জানানো হয়নি, তবে জানা গেছে—এই বুফে রেস্তোরাঁয় সপ্তাহের দিন ও সময় অনুযায়ী জনপ্রতি ১৬.৯০ ইউরো থেকে ২৩.৯০ ইউরো পর্যন্ত খরচ পড়ে।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে স্বাস্থ্যবিধি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে একে অস্বাভাবিক ও কঠোর নিয়ম বলেও সমালোচনা করছেন।