মুশফিকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
মুশফিকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

সিলেট টেস্টে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরি ও ব্যাটারদের দৃঢ়তায় বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩২৫ রান তুলেছে টাইগাররা। এতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৩৭১ রানে।

দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম খেলেছেন অসাধারণ এক ইনিংস। ১৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। এটি টেস্ট ক্রিকেটে মুশফিকের ১৪তম সেঞ্চুরি, যা বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ। ক্যারিয়ারের শেষভাগেও লাল বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজের গুরুত্ব আবারও প্রমাণ করলেন এই মিডল অর্ডার ব্যাটার।

১৫৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেইন শান্ত মুশফিককে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে দিনের পঞ্চম ওভারে ১৫ রান করে এলবিডব্লিউ হন শান্ত। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার।

এরপর ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেন লিটন দাস। মুশফিককে সঙ্গে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। তাদের ব্যাটে প্রথম সেশনেই বাংলাদেশের লিড ২০০ রান ছাড়িয়ে যায়। লাঞ্চ বিরতির আগে দলের লিড দাঁড়ায় ২৪৯ রানে।

লাঞ্চের পর নিজের ২০তম টেস্ট ফিফটি তুলে নেন লিটন। একই সঙ্গে এক ম্যাচের দুই ইনিংস মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রান করার কীর্তিও গড়েন তিনি। প্রথম ইনিংসে ১২৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ৬৯ রানের কার্যকর ইনিংস।

অন্যদিকে ধীরস্থির ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যান মুশফিক। ১০৩ বলে ফিফটি পূর্ণ করার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত তিন অঙ্ক স্পর্শ করে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। লিটনের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ কিছুটা থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৯ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। দিনশেষে বাংলাদেশ শক্ত অবস্থানে থেকে চতুর্থ দিনের অপেক্ষায় রয়েছে। বড় লিড নিয়ে পাকিস্তানকে কঠিন চাপে ফেলেছে স্বাগতিকরা।