মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী সন্তান।

রোববার দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালাম আজাদ

পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় দীর্ঘ তিন বছর ধরে ভাড়া থাকতেন মিষ্টি বাড়ৈ। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিত্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। পরে গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা— সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।