মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রাজধানীর মুগদা এলাকায় খণ্ডিত পুরুষের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নিহত ব্যক্তির মাথাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৮ মে) র‌্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে রাজধানীর মুগদার মান্ডা প্রথম গলি এলাকা থেকে সাত খণ্ডে বিভক্ত একটি পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে র‌্যাবের অভিযানে মাথা উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম মুকাররম হোসেন। তিনি সৌদি প্রবাসী ছিলেন বলে জানা গেছে। তদন্ত সূত্রে বলা হয়, মুকাররম হোসেন একটি নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। ওই নারী কৌশলে তাকে ঢাকায় এনে একটি বাসায় ওঠান। পরে তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাকে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করা হয় বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রেমিকা ও তার এক বান্ধবী মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর মরদেহের অংশ বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি। গ্রেপ্তার চলমান থাকায় এখনই আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।

অন্যদিকে মুগদা থানার উপ-পরিদর্শক মো. আবু রায়হান জানান, রোববার বিকালে মান্ডা এলাকার একটি ভবনের বেজমেন্ট থেকে অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।