মাঝ-আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
মাঝ-আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে আকাশে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান। সংঘর্ষের পর বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হলেও বিমানে থাকা চারজন ক্রু প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

রোববার (১৭ মে) মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস-এ অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’-তে এ দুর্ঘটনা ঘটে। আয়োজকদের বিবৃতিতে জানানো হয়, ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সংঘর্ষে জড়িত দুটি বিমান ছিল EA-18G Growler। বিমান দুটি মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘাঁটি হুইডবি আইল্যান্ড-ভিত্তিক ইউনিটের অংশ ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে সংঘর্ষের পর দুটি যুদ্ধবিমান দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। মাটিতে আঘাতের সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। একই সঙ্গে চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে দেখা যায়, যা বিমানের চার ক্রুর নিরাপদে ইজেক্ট করার ইঙ্গিত দেয়।

মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়ামা জানান, দুর্ঘটনাকবলিত বিমান দুটি নিয়মিত প্রশিক্ষণ ও প্রদর্শনী কার্যক্রমে অংশ নিচ্ছিল।

দুর্ঘটনার পরপরই পুরো এয়ার শো বন্ধ ঘোষণা করা হয় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ঘাঁটিতে লকডাউন জারি করা হয়। ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।