
ফিফা বিশ্বকাপ সামনে রেখে ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় দলগুলোর চূড়ান্ত স্কোয়াড। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো পরাশক্তিদের দল ঘোষণাকে ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। ইতোমধ্যে ফ্রান্স তাদের স্কোয়াড ঘোষণা করেছে। অন্যদিকে আর্জেন্টিনা আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও চূড়ান্ত দল অনেকটাই ঠিক করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
এবার নজর ব্রাজিলের দিকে। আজই ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ তারকা ফরোয়ার্ড নেইমার। ইনজুরি কাটিয়ে প্রাথমিক দলে জায়গা পাওয়া এই অভিজ্ঞ ফুটবলার শেষ পর্যন্ত মূল স্কোয়াডে থাকছেন কি না, তা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আজ রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমোরো থেকে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন। ব্রাজিল সময় বিকেল ৫টায় ২৬ জনের তালিকা প্রকাশ করা হবে।
সিবিএফ আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, এল সালভাদর এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা অনুষ্ঠানে থাকবেন। সেখানে আনচেলত্তি বিশ্বকাপ মিশনের চূড়ান্ত দল জানিয়ে দেবেন।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি এবং সিবিএফ টিভির ইউটিউব চ্যানেল। বাংলাদেশ সময় অনুযায়ী, ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে আজ দিবাগত রাত ২টায়।
বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
আপনার মতামত লিখুন :