বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে চায় কাতার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশের পাঁচটি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং খাতে দক্ষ কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। সোমবার (১৮ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-কাতার যৌথ কমিটির বৈঠকে এ আগ্রহের কথা জানান কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি।

রাজধানীর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন কাতারের শ্রমমন্ত্রী। বৈঠকের শুরুতে বাংলাদেশ সফরে আসায় ড. আলীকে আন্তরিক ধন্যবাদ জানান আরিফুল হক।

তিনি বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার ভ্রাতৃপ্রতীম সম্পর্ক উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিতে কাতার সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেন তিনি। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সকে মানবতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে কাতারে ৪ লাখের বেশি বাংলাদেশি কর্মী দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তিনি জানান, ২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গেছেন এবং চলতি বছরে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তিনি কাতারগামী কর্মীদের সুবিধার্থে দেশের আটটি বিভাগীয় শহরে ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের অনুরোধ জানান। বর্তমানে ঢাকায় একটি মাত্র ভিসা ও মেডিকেল সেন্টার থাকায় কর্মীদের নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক কাতারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে বাংলাদেশ থেকে দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, ইমাম, মোয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান। কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করে বলেন, বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৩০ শতাংশ উন্নয়ন খাতে এবং বাকিরা বিভিন্ন পেশায় নিয়োজিত।

তিনি জানান, কাতারে অদক্ষ কর্মীদের দক্ষ করে তুলতে ইতোমধ্যে দুটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় শহরে ভিসা সেন্টার বাড়ানোর বিষয়ে তিনি তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেয়ারা আলী মাহদি সাঈদ আল কাহতানি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।