বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও গো-খাদ্য বিতরণ


বড়াইগ্রাম প্রতিনিধি, কায়েস উদ্দিন প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও গো-খাদ্য বিতরণ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৫৬টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। একইসঙ্গে আরও ৪৬টি পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ১১২টি ছাগলসহ প্রয়োজনীয় উপকরণ ও গো-খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব হবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ডালিম কাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এ সহায়তা তাদের জীবিকা উন্নয়ন ও পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।