ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকের কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা: সেতুমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকের কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা: সেতুমন্ত্রী

বাংলাদেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে ফিটনেসহীন যানবাহন ও চালকদের অদক্ষতাকে দায়ী করেছেন শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রতিবছর দেশে হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হচ্ছেন, যার বড় একটি কারণ চালকদের দক্ষতার অভাব এবং যানবাহনের ত্রুটি।

রোববার রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা কমাতে সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, দৃষ্টিশক্তি যাচাই, রক্তচাপ পরীক্ষা এবং মাদকাসক্তি শনাক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সড়ক দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

অনুষ্ঠানে জানানো হয়, গত ২৫ মার্চ দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট-এ বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারসহ জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৫৫টি পরিবারের মাঝে ২ কোটি ৫৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আফরোজা পারভীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, হাবিবুর রশিদ, মোহাম্মদ হাবিবুর রহমান এবং মোহাম্মদ মঞ্জুর মোর্শেদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, একটি দুর্ঘটনার ক্ষতি কখনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তিনি ঘাট ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে অনেক দুর্ঘটনাই প্রতিরোধ করা সম্ভব। তিনি সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশপথ দৌলতদিয়া ঘাট-এর অবকাঠামোগত উন্নয়ন এবং এ অঞ্চলে একটি সেতু নির্মাণের দাবি জানান। পাশাপাশি বিআরটিএ কর্মকর্তারা বলেন, মালিক ও শ্রমিকদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ ছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়।