
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল-কে এক হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে হাসপাতালটির সম্প্রসারণ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
রোববার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের নীতিগত সম্মতি মিলেছে। এর ফলে রাজধানীর সবুজবাগ, মুগদা ও বাসাবো এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তিনি বলেন, হাসপাতালটির সম্প্রসারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী অঙ্গীকার বাস্তবায়নেরই প্রতিফলন। এর মাধ্যমে স্থানীয় জনগণ আরও উন্নত ও বিস্তৃত চিকিৎসাসেবা পাবে।
প্রতিমন্ত্রী আরও জানান, বেগম খালেদা জিয়া এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মুগদা হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘদিন হাসপাতালটির সম্প্রসারণ কার্যক্রম উপেক্ষিত থাকলেও নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটির শয্যা সংখ্যা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে ডিও লেটার দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকল্পটির অনুমোদন দেয় এবং পরে অর্থ মন্ত্রণালয় থেকেও চূড়ান্ত সম্মতি পাওয়া যায়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে প্রতিদিন রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। বিদ্যমান শয্যা ও অবকাঠামো দিয়ে রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালটির সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণ, বিশেষায়িত ইউনিট স্থাপন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং জনবল বৃদ্ধি করা হবে। পাশাপাশি জরুরি বিভাগ, আইসিইউ, হৃদরোগ, কিডনি, নিউরোসার্জারি ও শিশুস্বাস্থ্য বিভাগের সক্ষমতাও বাড়ানো হবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, হাসপাতালটি এক হাজার শয্যায় উন্নীত হলে রাজধানীর অন্যান্য সরকারি হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে এবং সাধারণ মানুষ স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন।
আপনার মতামত লিখুন :