পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-কে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলা-তে র‌্যাব সদর দফতরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নতুন আইনের মাধ্যমে বাহিনীটি পরিচালিত হবে এবং সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তবে র‌্যাবের নাম পরিবর্তন হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কিছু কর্মকর্তার কারণে র‌্যাব বিতর্কিত হয়েছে, তবে এর দায় পুরো প্রতিষ্ঠানের নয়। অতীতে কিছু ঘটনার কারণে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সময়ের নির্দিষ্ট প্রেক্ষাপটে এসব পরিস্থিতি তৈরি হয়েছিল।

নতুন আইন প্রণয়নের মাধ্যমে র‌্যাবকে আরও সুসংগঠিত, জবাবদিহিমূলক এবং কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।