
দেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদের তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে।
রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা পৌনে ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ইসলামি বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হয়। মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই দিনে পশু কোরবানি করেন।
চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সম্ভাব্য তারিখও নির্ধারিত হবে। সোমবার সন্ধ্যায় দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
অন্যদিকে, সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে বুধবার (২০ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং দেশে ঈদুল আজহা পালিত হবে ২৯ মে।
ইসলামিক ফাউন্ডেশন দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ জানিয়েছে। এ জন্য কয়েকটি টেলিফোন নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :