
জয়পুরহাটে সোমবার সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি জামালপুর ইউনিয়নের নারায়ণপাড়া ব্লকের নারায়ণপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফসিয়া জাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ পারভেজ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরেফা খাতুন ও নুসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ওরিয়েন্টেশনে প্রদর্শনীভুক্ত ৬ জন কৃষকসহ মোট ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
নারায়ণপাড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরেফা খাতুন জানান, ২০২৫-২৬ রবি মৌসুমে পার্টনার প্রকল্পের আওতায় তার ব্লকের ৬ জন কৃষক ২ একর জমিতে ব্রি ধান ১০২ জাতের কমিউনিটি ভিত্তিক বোরো ধান বীজ উৎপাদন প্রদর্শনী বাস্তবায়ন করেন। বীজ বপন থেকে শুরু করে এখন পর্যন্ত কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের নিয়মিত কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে।
প্রদর্শনী কৃষক আব্দুল হাই বলেন, উপজেলা কৃষি অফিস থেকে ব্রি ধান ১০২ জাতের বীজ, সার, বীজ সংরক্ষণ পাত্রসহ প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়া গেছে। তার মতে, চাষাবাদ ভালো হয়েছে এবং এবার ধানের বাম্পার ফলনের আশা করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফসিয়া জাহান বলেন, ব্রি ধান ১০২ একটি উচ্চ ফলনশীল ও জিংক সমৃদ্ধ বোরো জাত, যা উন্নত মানের চিকন চালের জন্য পরিচিত। প্রদর্শনীর মাধ্যমে উৎপাদিত মানসম্মত বীজ সংরক্ষণ করে ভবিষ্যতে স্থানীয় কৃষকদের মাঝে সম্প্রসারণ করা হবে, যা এলাকায় বীজ স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :