চীনে শক্তিশালী ভূমিকম্পে ২ জন নিহত, সরিয়ে নেওয়া হলো ৭ হাজার মানুষকে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
চীনে শক্তিশালী ভূমিকম্পে ২ জন নিহত, সরিয়ে নেওয়া হলো ৭ হাজার মানুষকে

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ভয়াবহ এই ঘটনায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) দিবাগত রাত ১২টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। হঠাৎ এই কম্পনে ঘুমন্ত অবস্থায় থাকা মানুষজন আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। পুরো এলাকায় তৈরি হয় বিশৃঙ্খলা ও আতঙ্ক।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহত দুজন একটি দম্পতি—৬৩ বছর বয়সী এক পুরুষ ও ৫৩ বছর বয়সী এক নারী। ভূমিকম্পে তাদের বাড়িসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ৯১ বছর বয়সী এক নিখোঁজ বৃদ্ধকে দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা আহত ওই বৃদ্ধকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

এছাড়া আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, আতঙ্কিত মানুষজন দ্রুত বহুতল ভবন থেকে বেরিয়ে খোলা স্থানে জড়ো হচ্ছেন। অনেককে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে স্বজনদের খুঁজতে দেখা গেছে।

সিসিটিভির তথ্য অনুযায়ী, লিউঝৌ শহর থেকে এখন পর্যন্ত সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জরুরি উদ্ধার কাজে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুরসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।