চাঁদ দেখার পর যে দুই দিনের ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
চাঁদ দেখার পর যে দুই দিনের ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ঈদের দিন দেশে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল না করায় ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৮ মে যদি পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারিত হয়, তাহলে ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরপরই অনলাইনে ছাড়া হবে।

এর আগে ঈদযাত্রার টিকিট বিক্রির অংশ হিসেবে ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি করা হয়েছে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট।

অন্যদিকে ঈদ শেষে ঘরমুখো মানুষের রাজধানীতে ফেরার সুবিধার্থে ফিরতি যাত্রার টিকিটও পর্যায়ক্রমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ২১, ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি করা হবে যথাক্রমে ৩১ মে, ১ জুন, ২ জুন, ৩ জুন ও ৪ জুন যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। প্রতিবার একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া ঈদ অগ্রিম যাত্রার টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। রেলওয়ে জানিয়েছে, যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদকে কেন্দ্র করে ট্রেনে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করায় টিকিট সংগ্রহে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনলাইনে টিকিট সংগ্রহের পাশাপাশি স্টেশনগুলোতেও যাত্রীদের উপস্থিতি বাড়ছে। রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।