
গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানোর বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না—এ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের করা জনস্বার্থে রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
শুনানিতে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা এস চৌধুরী। শুনানি শেষে আদালত রুলে জানতে চান, দেশের গ্রামাঞ্চলের ভূমিহীন ক্ষুদ্রঋণ গ্রহীতাদের ক্ষেত্রে তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার কমাতে কেন নির্দেশ দেওয়া হবে না।
আদালত চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমান উপদেষ্টা ও পরামর্শক ড. মুহাম্মদ ইউনূসকে রুলের জবাব দিতে বলেছেন।
রুল জারির বিষয়ে আইনজীবী ফাতেমা এস চৌধুরী গণমাধ্যমকে বলেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার তফসিলি ব্যাংকের সমান করার দাবিতে আদালতে রিট করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী বর্তমানে গ্রামীণ ব্যাংকের সুদের হার প্রায় ২০ শতাংশ বা তারও বেশি। এ বিষয়ে আগেও চিঠি দেওয়া হলেও সুদের হার সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করবে। হাইকোর্টের এ রুলের মাধ্যমে ক্ষুদ্রঋণ ব্যবস্থার সুদের হার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :