ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের সব ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ঈদের দিনসহ ঈদের আগের ৭ দিন এবং পরের ৫ দিন পর্যন্ত সিএনজি ও অন্যান্য ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

সে অনুযায়ী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। এই সময়ে সারাদেশে যানবাহনের জ্বালানি সরবরাহে কোনো ধরনের ঘাটতি না রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে আশা করা হচ্ছে, ঈদযাত্রায় দীর্ঘ যানজট ও জ্বালানি সংকটের ঝুঁকি কমবে। বিশেষ করে মহাসড়কগুলোতে যাত্রীদের ভোগান্তি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটিও নির্ধারণ করা হয়েছে। রোজার ঈদের মতো এবারও টানা সাত দিনের ছুটি পাচ্ছেন দেশের মানুষ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।