
কোরবানির ঈদ উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির মধ্যেও দেশের সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত আকারে কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১৮ মে) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঈদ উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কাস্টমস কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে, যাতে দেশের বৈদেশিক বাণিজ্য কার্যক্রম ব্যাহত না হয়।
এর আগে রবিবার (১৭ মে) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে এনবিআর। ওই নির্দেশনায় দেশের সব কাস্টমস কমিশনারকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর জানায়, ঈদের সময় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন এবং শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়েছে।
ব্যবসায়ী মহল মনে করছে, ঈদের দীর্ঘ ছুটিতেও কাস্টমস কার্যক্রম চালু থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের জটিলতা সৃষ্টি হবে না। এতে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে গতি বজায় থাকবে।
ঈদের ছুটির মধ্যে সীমিত কার্যক্রম চালু রাখার এই সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আপনার মতামত লিখুন :