ঈদযাত্রায় সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের অনুরোধ ডিএমপি কমিশনারের 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
ঈদযাত্রায় সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের অনুরোধ ডিএমপি কমিশনারের 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারা দেশে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ডিএমপি কমিশনার ঈদের সময়ে রাজধানীতে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, “রাষ্ট্র ও শহরকে সুন্দর ও সচল রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, ঈদযাত্রার সময় নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিশেষায়িত ইউনিট, নৌপরিবহন অধিদপ্তর, সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন ফেডারেশন, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ মালিক ও শ্রমিক সংগঠন, বিজিএমইএ, বিকেএমইএ, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, মো. মাসুদ করিম, মো. শফিকুল ইসলাম, মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।