
নওগাঁর আত্রাই উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। “কৃষক সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
বিশ্ব ব্যাংক ও ইফাদের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম বলেন, কৃষি দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার প্রধান ভিত্তি। আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বিষয়ে কার্যকর জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, আত্রাই ও রাণীনগর এলাকার কৃষকদের শ্রম ও এ অঞ্চলের উর্বর মাটি দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, প্রকল্পের সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে এবং এর সুফল যেন প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে যায় তা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. গোলাম রাব্বানী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।
আপনার মতামত লিখুন :