সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা

আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ করতে সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও স্বচ্ছ করতে অনলাইন পদ্ধতি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নাগরিকরা এখন ঘরে বসেই land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এ জন্য প্রথমে পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে সহজেই পরিশোধ করা যাবে।

বার্তায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে পরবর্তী সময়ে বকেয়ার ওপর আইন অনুযায়ী সুদ আরোপ হতে পারে। তাই ৩০ জুনের মধ্যেই কর পরিশোধ করে জমি সুরক্ষিত রাখার আহ্বান জানানো হয়েছে।

সাধারণত প্রতি অর্থবছর শেষ হয় ৩০ জুন। এ সময়ের মধ্যে খাজনা পরিশোধ করে হিসাব চূড়ান্ত করা আইনি ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

অনলাইন পদ্ধতি চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। এতে সময় ও খরচ সাশ্রয় হচ্ছে এবং ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে ভূমি মন্ত্রণালয়। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে বলেও মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।