মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদ মন্ত্রী

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া অঞ্চলে মেঘনা নদীর তীব্র ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আগামী অর্থবছর থেকেই এ এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৭ মে) সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালি বাজার ও আশপাশের ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মেঘনা নদীর ভাঙনে মানুষের বসতভিটা, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। জনগণের জানমাল রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই আমরা এই এলাকা পরিদর্শনে এসেছি এবং কার্যকর উদ্যোগ নিচ্ছি।

তিনি আরও জানান, আসন্ন বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকি কমাতে ইতোমধ্যে জরুরি ভিত্তিতে ‘ইমার্জেন্সি ওয়ার্ক’ শুরু করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হাতিয়ার উড়িরচর, স্বর্ণদ্বীপ ও ভাসানচরসহ আশপাশের নদীভাঙনপ্রবণ এলাকাগুলোতেও উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তবে সুবর্ণচরের এই অংশে দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি স্থায়ী বাঁধ নির্মাণ এখন সবচেয়ে জরুরি। এজন্য প্রয়োজনীয় স্টাডি সম্পন্ন করে আগামী অর্থবছরের মধ্যে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে।

বর্তমান সরকারের তিন মাসের কার্যক্রমের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন খাতে উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এটিএম মোশাররফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর চৌধুরী আলো, জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ আজাদসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা।