বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিরল প্রজাতির ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিকে এখনই বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়নি।

জেনেভাভিত্তিক এই আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানায়, কঙ্গো এবং প্রতিবেশী উগান্ডায় ছড়িয়ে পড়া ‘বুন্দিবুগিও’ ভাইরাসজনিত ইবোলা রোগ বর্তমানে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এটি এখনো বৈশ্বিক মহামারির মানদণ্ড পূরণ করেনি বলে উল্লেখ করেছে ডব্লিউএইচও।

আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা ‘আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (আফ্রিকা সিডিসি) জানায়, কঙ্গোতে এ পর্যন্ত ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই দেশটির স্বর্ণখনি অধ্যুষিত মংগওয়ালু ও রামপারা এলাকার বাসিন্দা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই জরুরি অবস্থা ঘোষণার মূল উদ্দেশ্য হলো দ্রুত আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা, আক্রান্ত দেশগুলোতে চিকিৎসা ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানো এবং প্রতিবেশী দেশগুলোতে ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করা। এর অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকদের একটি দল কঙ্গোর খনি অঞ্চলগুলোতে পাঠানো হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় কঠোর স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং ব্যবস্থা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।

ডব্লিউএইচও সতর্ক করেছে, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। চিকিৎসা বিশেষজ্ঞরাও মনে করছেন, এই ভাইরাসের বিস্তার ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি, নতুবা আঞ্চলিক সংকট আরও জটিল আকার ধারণ করতে পারে।