আজ বিশ্ব টেলিযোগাযোগ দিবস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
আজ বিশ্ব টেলিযোগাযোগ দিবস

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ ১৭ মে বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি”। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন গ্রহণ করা হয়েছে।

প্রতি বছর ১৭ মে দিনটি পালন করা হয় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠার স্মরণে, যা ১৮৬৫ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়। বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল সংযোগের বিস্তার এবং তথ্যপ্রযুক্তির নিরাপদ ও টেকসই ব্যবহার নিশ্চিত করাই দিবসটির মূল উদ্দেশ্য।

এ বছরের মূল বার্তায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ডিজিটাল নেটওয়ার্ক এবং প্রযুক্তি অবকাঠামোর স্থিতিশীলতার ওপর। বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, সাইবার হামলা কিংবা যেকোনো ধরনের বিপর্যয়ের পরও যেন যোগাযোগ ব্যবস্থা সচল থাকে এবং মানুষ যেন কোনো অবস্থাতেই সংযোগ থেকে বিচ্ছিন্ন না হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে রাজধানীর বিটিআরসি ভবনে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একই স্থানে একটি টেলিযোগাযোগ মেলারও আয়োজন করা হয়েছে, যেখানে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সেবা এবং উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এমদাদুল বারী।

আয়োজকরা জানিয়েছেন, বর্তমান বিশ্বে ডিজিটাল সংযোগ মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তাই এই সংযোগকে আরও নিরাপদ, স্থিতিশীল এবং সবার জন্য সহজলভ্য করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি ও মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে আরও সচেতন করা এবং এর ব্যবহারকে উৎসাহিত করাই মূল লক্ষ্য।