আজ থেকে শাহজালাল বিমানবন্দরে মিলবে ফ্রি ইন্টারনেট সেবা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
আজ থেকে শাহজালাল বিমানবন্দরে মিলবে ফ্রি ইন্টারনেট সেবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সংকটকালীন পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেষ্ট হতে হবে। সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও নিরাপদ ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে।

তিনি আরও জানান, রাজধানীতে এআই-ভিত্তিক ক্যামেরা ব্যবহারের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসছে বলেও মন্তব্য করেন তিনি। ফকির মাহবুব আনাম বলেন, সরকার কখনো জ্বালানি তেলের দাম বাড়াতে চায়নি। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সমন্বয় করতে হয়েছে।

এর আগে শনিবার (১৬ মে) তিনি বলেন, দেশের সব মানুষের জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে এবং প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির সংযোগ পৌঁছে দিতে সরকার কাজ করছে। মন্ত্রী আরও বলেন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়েই সরকার এগোচ্ছে।