৪ বছর ধরে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ: বিচার না পেয়ে আত্মহত্যা করলেন ২ বোন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
৪ বছর ধরে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ: বিচার না পেয়ে আত্মহত্যা করলেন ২ বোন

ভারতের রাজস্থানের যোধপুর জেলায় ব্ল্যাকমেইল, ধর্ষণ ও বিচার না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই বোনের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে যোধপুরের একটি ‘ই-মিত্র’ সেবা কেন্দ্রের অপারেটর মহিপাল এক নারীর কিছু আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করেন। এরপর ওই ভিডিও ব্যবহার করে তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল, অর্থ আদায় এবং দলবদ্ধ ধর্ষণের শিকার করা হয় বলে অভিযোগ।

নির্যাতন সহ্য করতে না পেরে গত ২০ মার্চ ওই নারী আত্মহত্যা করেন। পরবর্তীতে ১১ এপ্রিল তার ছোট বোন মহিপালসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, মামলা করার পরও অভিযুক্তরা হুমকি দিতে থাকে এবং পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।

পরিবারের অভিযোগ অনুযায়ী, বড় বোনের মৃত্যুর পরও অভিযুক্তরা ছোট বোনকে ভয়ভীতি দেখানো এবং আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি অব্যাহত রাখে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি প্রকাশ্যে বিচার দাবি করেন এবং গত শুক্রবার একটি পানির ট্যাংকের ওপর উঠে বিষপান করেন। পরে তিনি মারা যান।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজপুত সম্প্রদায়সহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হলে বাইরে বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানায়।

রাজপুত সোসাইটির সভাপতি হনুমান সিং খাংটা অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তা ও গাফিলতির কারণেই দুই বোনের মৃত্যু হয়েছে। অন্যদিকে যোধপুরের পুলিশ সুপার পিডি নিত্যা জানিয়েছেন, মূল অভিযুক্ত মহিপালসহ দুইজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রশাসনের পক্ষ থেকে পুলিশের ভূমিকা তদন্তে একটি বিভাগীয় কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।