১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর!


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর!

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকে এই নতুন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় রেখে নতুন পে-স্কেল একযোগে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্প্রতি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বাজেট সংক্রান্ত উচ্চপর্যায়ের ধারাবাহিক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে অর্থমন্ত্রী সরকারের রাজস্ব আহরণ পরিস্থিতি, খাতভিত্তিক বরাদ্দ এবং নতুন বেতন কাঠামোর আর্থিক প্রভাব তুলে ধরেন। সব দিক পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত অনুমোদন দেন।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ওই সময় থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর আওতায় বেতন পাবেন বলে আশা করা হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এই বিপুল ব্যয়ের চাপ সামাল দিতেই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী অর্থবছর থেকেই নতুন কাঠামোর অধীনে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে বাকি ৫০ শতাংশ বেতন সমন্বয় করা হবে এবং তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা ও আনুষঙ্গিক আর্থিক সুবিধা সম্পূর্ণভাবে সমন্বয় করা হবে।

কর্মকর্তারা মনে করছেন, এভাবে ধাপে ধাপে বাস্তবায়নের ফলে বাজারে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ পড়বে না এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনাও তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে।

এর আগে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরির ২০টি গ্রেড অপরিবর্তিত রাখা হয়েছে। প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এটি কার্যকর হলে গ্রেডভেদে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন-ভাতা বাবদ সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। নতুন কাঠামো বাস্তবায়িত হলে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়ন হলে এটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় আর্থিক পরিবর্তন হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।