
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন একটি বিশেষ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, নির্দিষ্ট পথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি নতুন মেকানিজম তৈরি করা হয়েছে, যা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
শনিবার (১৬ মে) ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এ ঘোষণা দেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
তিনি বলেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা পক্ষগুলোই সুবিধা পাবে। একইসঙ্গে এই পদ্ধতির আওতায় বিশেষায়িত সেবার বিনিময়ে জাহাজ থেকে নির্দিষ্ট ফি বা শুল্ক আদায় করা হবে বলেও জানান তিনি।
বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও তরল জ্বালানি পরিবহন হয়ে থাকে। ফলে নতুন এ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
এর আগে এই প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর কর আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি শিপিং কোম্পানিগুলোকে ইরানকে কোনো ধরনের অর্থ বা ফি না দেওয়ার বিষয়ে সতর্কও করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আড়াই মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বোমাবর্ষণ শুরু করার পর থেকে ইরান নিজেদের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য হরমুজ প্রণালি ব্যবহার সীমিত করে দেয়। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে বলে দাবি করা হয়েছে।
যদিও পরে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বোমাবর্ষণ স্থগিত করে, তবে ইরানের বন্দরগুলোর ওপর নিষেধাজ্ঞা ও অবরোধ অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
আপনার মতামত লিখুন :