“স্মার্টস্কিল ট্রেনিং সেন্টার”-প্রশিক্ষনার্থীদেরমাঝে সনদ ও সম্মানী ভাতা প্রদান


জী এম, নূরুল হুদা বাগেরহাট প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
“স্মার্টস্কিল ট্রেনিং সেন্টার”-প্রশিক্ষনার্থীদেরমাঝে সনদ ও সম্মানী ভাতা প্রদান

বাগেরহাটের ফকিরহাট-এ “স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টার”-এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ২শ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোহাম্মদ অলিউজ্জামান মিনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোঃ বাতেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজেদের দক্ষ করে তুলতে পারলে দেশে কর্মসংস্থানের পাশাপাশি বিদেশেও কাজের সুযোগ তৈরি হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রোকনুজ্জামান, সুমনা আইরিন, মোঃ রাসেদুল ইসলাম রানা, মোঃ শরীফ নেওয়াজ এবং মোঃ সাইফুল ইসলাম

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তরুণদের আত্মনির্ভরশীল হতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, দক্ষ জনশক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।