সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন জনগণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন জনগণ

দেশের বিচারব্যবস্থাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করতে চালু করা সুপ্রিম কোর্টের হেল্পলাইন সেবার মাধ্যমে প্রতিদিনই আইন ও আদালত সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন বিচারপ্রার্থীরা। এ উদ্যোগের ফলে হাজারো মানুষ দ্রুত তথ্য ও সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো এই হেল্পলাইন সেবা চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিচারপ্রার্থীদের সেবা সহজ করতে নেওয়া এ উদ্যোগে সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা প্রদান করা হচ্ছে।

বিচারপ্রার্থীরা ০১৩১৬-১৫৪২১৬ এবং ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেবা নিতে পারছেন। এছাড়া অনলাইন সহায়তার জন্য ১০৩ নম্বরেও যোগাযোগের সুযোগ রয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বাসস’কে জানান, হেল্পলাইন কার্যক্রম চলমান থাকবে এবং জনগণকে আরও বেশি সেবা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের তথ্য অনুযায়ী, হেল্পলাইন চালুর পর থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মোট ৬ হাজার ৯১২টি কল এসেছে। এর মধ্যে চলতি বছরের প্রথম চার মাসেই এসেছে ২ হাজার ৯০৫টি কল।

তিনি আরও জানান, এসব কলের মধ্যে আইনগত পরামর্শ, মামলার তথ্য এবং অভিযোগ সংক্রান্ত বিষয় ছিল উল্লেখযোগ্য। আইনি পরামর্শের জন্য ৩১৭টি এবং মামলার তথ্য জানতে ৫০৪টি কল এসেছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত ৩৫৪টি কল পাওয়া গেলেও তা সুপ্রিম কোর্টের এখতিয়ারবহির্ভূত হওয়ায় যথাযথ পরামর্শ দেওয়া হয়েছে। একই সময়ে আদালত ও প্রশাসনিক অনিয়ম সংক্রান্ত ৫৮টি অভিযোগ পাওয়া যায়, যার মধ্যে বেশ কিছু ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে এবং কিছু বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

হেল্পলাইন ১০৩-এ অনেক কল আসলেও সেবাগ্রহীতার সঙ্গে যোগাযোগ না হওয়ায় ১ হাজার ৬৭২টি কল অনুত্তরিত হিসেবে রেকর্ড করা হয়েছে।

বর্তমানে সুপ্রিম কোর্টের পাশাপাশি দেশের ৬৪ জেলা আদালত ও আটটি মহানগর দায়রা জজ আদালতেও পৃথক হেল্পলাইন চালু রয়েছে, যার মাধ্যমে সারাদেশের বিচারপ্রার্থীরা সহজে আইনগত তথ্য ও সেবা পাচ্ছেন।