
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে আটক সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাব্বির বিন শামস–কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে পুলিশি পাহারায় তাকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মো. আলাউদ্দিন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহম্মেদ জানান, সাব্বির বিন শামসকে একটি আলোচিত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৫ আগস্ট শহরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হওয়ার ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুরে পাটগ্রামের আঙ্গরপোতা সীমান্ত এলাকায় অবৈধভাবে চলাচলের সময় তাকে আটক করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হয়ে সদর থানায় হস্তান্তর করা হয়।
আটকের সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে সাধারণ পাসপোর্টের পাশাপাশি দুটি কূটনৈতিক পাসপোর্টও রয়েছে।
সাব্বির বিন শামস দীর্ঘদিন বাংলাদেশ হাইকমিশন, লন্ডন–এ মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর একটি মামলার তদন্ত চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :