সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাষ্ট্র ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।

জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান এবং পরে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান জানাজায় ইমামতি করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

এর আগে শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি চারদলীয় জোট সরকারের সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি তিনি দেশের ওষুধ শিল্প খাতের অন্যতম প্রতিষ্ঠান একমি গ্রুপের নেতৃত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এবং সর্বশেষ মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সংসদ ভবনে জানাজা শেষে মরহুমের মরদেহ তার নির্বাচনি এলাকা মুন্সিগঞ্জে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।