
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাইকাররা। রোববার দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আগামী অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর আরোপিত অগ্রিম কর পুনর্বিবেচনা বা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। তাদের দাবি, মোটরসাইকেল কোনো বিলাসী পণ্য নয়; বরং এটি সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় পরিবহণ হিসেবে ব্যবহৃত হয়।
বক্তারা আরও বলেন, বাইকারদের ওপর অতিরিক্ত কর আরোপ করা হলে পরিবহন খাতে চাপ বাড়বে এবং সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হবে। বিশেষ করে নারী বাইকারদের নিরাপদ ও স্বাধীন চলাচল নিশ্চিত করতে করনীতি বাস্তবসম্মত করা জরুরি বলে তারা মত দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাহফুজুল ইসলাম, কাজী মহিউদ্দিন, মোহাম্মদ মামুন, নাসির উদ্দিন, মোহাম্মদ ইমরানসহ স্থানীয় বাইকাররা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। স্লোগানগুলোতে তারা মোটরসাইকেলকে প্রয়োজনীয় বাহন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান এবং অতিরিক্ত কর আরোপকে সাধারণ মানুষের জীবনে বাড়তি চাপ হিসেবে উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :