শৈশবে খেলাধুলার মাধ্যমে সুশৃঙ্খল জীবন গঠন সম্ভব: প্রধান শিক্ষক 


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
শৈশবে খেলাধুলার মাধ্যমে সুশৃঙ্খল জীবন গঠন সম্ভব: প্রধান শিক্ষক 

“শৈশবে খেলাধুলার মাধ্যমে সুশৃঙ্খল জীবন ও উত্তম চরিত্র গঠন করা যায়”—এমন মন্তব্য করেছেন সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

রোববার (১৭ মে) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ব্রহ্মরাজপুর ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা বালক ও বালিকা জাতীয় শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠিত হয়। ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন।

প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল বলেন, সুস্থ দেহে সুস্থ মন গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, বরং এটি আনন্দের পাশাপাশি জীবনে শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। তারা খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড়, অংক দৌড়সহ বিভিন্ন ইভেন্টে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল খায়ের। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।