যেভাবে কার্যকর হতে পারে নতুন পে-স্কেল, মিলল নতুন তথ্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
যেভাবে কার্যকর হতে পারে নতুন পে-স্কেল, মিলল নতুন তথ্য

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী জুনে উপস্থাপিত হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে একসঙ্গে পুরো সুবিধা কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

অর্থ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জুন রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন শুরু হবে। ওই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতাতেই নতুন পে-স্কেলের ঘোষণা ও বাস্তবায়ন রূপরেখা তুলে ধরা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এর অংশ হিসেবে আগামী বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে। তবে অর্থনীতিতে এককালীন চাপ এড়াতে ধাপে ধাপে সুবিধা কার্যকর করার কৌশল নিয়েছে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন আংশিক বাড়ানো হবে। পরে পর্যায়ক্রমে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা সমন্বয় করা হবে। সরকারের লক্ষ্য ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে নবম পে-স্কেলের পূর্ণ সুবিধা বাস্তবায়ন করা।

সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলোর নেতারা বলছেন, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল ঘোষণার পর প্রায় এক দশকে জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়েছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া ও চিকিৎসা ব্যয়ে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা ব্যাপক চাপে রয়েছেন। তাই দ্রুত জাতীয় বেতন কমিশন-২০২৫ এর চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের বেতন সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। দ্বিতীয় গ্রেডে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা নির্ধারণের আলোচনা চলছে। এছাড়া দশম গ্রেডে সম্ভাব্য বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং একাদশ গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। সরকারিভাবে গেজেট বা প্রজ্ঞাপন জারির পরই নবম জাতীয় পে-স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো জানা যাবে।