মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ ‘জনস্বার্থবিরোধী’: শফিকুর রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ ‘জনস্বার্থবিরোধী’: শফিকুর রহমান

মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হলে তা চরম জনস্বার্থবিরোধী হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সরকারের প্রতি এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে যে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনা করছে। তিনি উল্লেখ করেন, মোটরসাইকেলের মালিক ও চালকরা সাধারণত বিত্তশালী নন; বরং জীবিকা নির্বাহ ও দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনেই তারা এই বাহন ব্যবহার করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য করের আওতা বাড়ানো প্রয়োজন হতে পারে, তবে জীবনসংগ্রামে থাকা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো কোনোভাবেই যৌক্তিক নয়।

জামায়াত আমির আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এ ধরনের কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের গুঞ্জনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানীতে মোটরসাইকেল আরোহীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন।