
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দুই শতাধিক মোটরসাইকেল আরোহী।
রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল আরোহীরা এনবিআর ভবনের সামনের সড়কে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন এবং প্রস্তাবিত কর নীতির বিরোধিতা করেন।
মানববন্ধনে অংশ নেওয়া আরোহীদের দাবি, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) বা অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এমন গুঞ্জনের প্রতিবাদেই তারা সড়কে নেমেছেন বলে জানান।
বিক্ষোভকারীরা বলেন, বর্তমানে মোটরসাইকেল কোনো বিলাসবহুল পণ্য নয়; বরং এটি মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের দৈনন্দিন যাতায়াত এবং জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম। রাইড শেয়ারিং, চাকরি, ব্যবসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে বিপুলসংখ্যক মানুষ মোটরসাইকেলের ওপর নির্ভরশীল।
আন্দোলনকারীদের পক্ষে এ কে এম ইমন বলেন, “একটি মোটরসাইকেল কেনার সময়ই আমাদের বিপুল পরিমাণ শুল্ক ও ভ্যাট দিতে হয়। এরপর আবার নতুন কর আরোপ করা হলে তা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করবে। আমরা চাই, এনবিআর এই সিদ্ধান্ত থেকে সরে আসুক।”
ঘটনাস্থলে দেখা যায়, প্রায় ২০০ মোটরসাইকেল সড়কের এক পাশে সুশৃঙ্খলভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অংশগ্রহণকারীরা ফুটপাতে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। যদিও এ কারণে সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়ে, তবে পুলিশের উপস্থিতির কারণে বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।
পরে আন্দোলনকারীরা জানান, তাদের দাবির পক্ষে এনবিআর চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে। তাদের মতে, নতুন কর আরোপের পরিবর্তে মোটরসাইকেল খাতের বিদ্যমান কর কাঠামো আরও সহজ ও সহনীয় করা প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের যাতায়াত ব্যয় আরও বেড়ে যাবে এবং মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।
আপনার মতামত লিখুন :