
মাগুরা সদর উপজেলার রাউতড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেল ও কার্তুজসহ নাঈম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ।
র্যাব জানায়, নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাউতড়া গ্রামের গীরিদারি আশ্রমের সামনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ অস্ত্রধারী হিসেবে পরিচিত নাঈমকে আটক করা হয়। তিনি রাউতড়া গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে।
র্যাবের দাবি, গ্রেফতারকৃত নাঈমের কাছ থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি ককটেল, দুটি শর্টগানের সীসা কার্তুজ এবং চারটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
পরে গ্রেফতার ব্যক্তিকে এবং উদ্ধার করা আলামত মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং অপরাধীদের গ্রেফতারে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :