বোলারদের দাপটে সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
বোলারদের দাপটে সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত নৈপুণ্য এবং ফিল্ডারদের দারুণ সহযোগিতায় পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে ২৩২ রানে। ফলে প্রথম ইনিংস শেষে ৪৬ রানের মূল্যবান লিড পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বোলারদের তোপে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের হয়ে সমান ৩টি করে উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও তরুণ পেসার নাহিদ রানা। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট।

দিনের শেষ সেশনে পাকিস্তানের ইনিংস দ্রুত গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। চা-বিরতির পর ১০ রান করা খুররম শাহজাদকে মাহমুদুল হাসান জয়ের ক্যাচে পরিণত করেন নাহিদ রানা। পরে সাজিদ খানকে থার্ড ম্যানে মিরাজের হাতে ক্যাচ বানিয়ে পাকিস্তানের ইনিংসের সমাপ্তি টানেন এই গতিতারকা।

এর আগে মধ্যাহ্নভোজের ঠিক আগে বড় ধাক্কা খায় পাকিস্তান। দুর্দান্ত ছন্দে থাকা বাবর আজমকে ৬৮ রানে ফিরিয়ে দেন নাহিদ রানা। তার গতিময় ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে মিড-অনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

বাবরের বিদায়ের পর পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডারে ধস নামান স্পিনার তাইজুল ইসলাম। একে একে সালমান আলী আগা (২১), মোহাম্মদ রিজওয়ান (১৩) এবং হাসান আলীকে (১৮) সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে দৃঢ় অবস্থানে নিয়ে যান তিনি।

দিনের শুরুটাও ছিল বাংলাদেশের দখলে। আগের দিনের ২১ রানের সঙ্গে মাত্র ১ রান যোগ হতেই আব্দুল্লাহ ফজলকে (৯) লিটন দাসের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন তাসকিন আহমেদ। এরপর আজান আওয়াইজকে (১৩) মুমিনুল হকের ক্যাচ বানিয়ে ফেরান তিনি।

অধিনায়ক শান মাসুদ ও সৌদ শাকিল কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাদের থিতু হতে দেননি মেহেদী হাসান মিরাজ। শান মাসুদকে (২১) নাঈম হাসানের ক্যাচ বানানোর পর সৌদ শাকিলকে (৮) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। ফলে প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন কুমার দাস। ১৬টি চার ও ২টি ছক্কায় ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক এবং পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি। লিটনের লড়াকু ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ও মোহাম্মদ আব্বাস নেন ৪টি করে উইকেট।