
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে মাদক ও চুরি প্রতিরোধে ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সমাজ। গ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তারা কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
গত শনিবার স্থানীয় যুবকদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সচেতনতামূলক কর্মসূচিতে বক্তারা বলেন, বাশুড়িয়া গ্রামে কোনো ধরনের মাদক ব্যবসা, সেবন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। অপরাধী নিজের আত্মীয় বা পরিচিত হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ উদ্যোগে নেতৃত্ব দেন স্থানীয় যুবক তুহিন শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির, রেজাউল এবং রইস শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ প্রতিনিধি ও সচেতন এলাকাবাসী।
বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। যুব সমাজ ঐক্যবদ্ধ থাকলে গ্রাম থেকে মাদক, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও যুব সমাজের এমন দৃঢ় অবস্থান সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
কর্মসূচির শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :