বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত

চলতি বছরে বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। এ বিষয়ে রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল তাদের পরিকল্পনার কথা জানায়।

মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

প্রতিনিধিদল আরও জানায়, আগামী সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য বাংলাদেশি ড্রাইভার বাছাই কার্যক্রম শুরু হবে। চলতি দফায় আরও ১ হাজার ৫০০ জনসহ মোট ৬ হাজার ড্রাইভার নিয়োগের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ সময় বলেন, বিদেশে বাংলাদেশি কর্মী নিয়োগের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার বিষয়টি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ড্রাইভার ছাড়াও বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে অনুরোধ জানান তিনি।

সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি ড্রাইভারদের অভিবাসন ব্যয় এখনো বেশি। অনেক শ্রমজীবী মানুষ ঋণ করে বিদেশে যান। তাই অভিবাসন খরচ এক লাখ টাকার মধ্যে সীমিত রাখার আহ্বান জানান তিনি।