নদী তীরবর্তী মানুষের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
নদী তীরবর্তী মানুষের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নদী তীরবর্তী মানুষের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১৭ মে) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন বরুরিয়া এলাকার নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মানিকগঞ্জকে স্থায়ীভাবে নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষায় সরকার প্রায় ১৫০০ কোটি টাকার পাঁচটি প্রকল্প গ্রহণ করেছে। পাশাপাশি মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত করে আরও প্রায় ২৬০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে মানিকগঞ্জের মানুষকে আর নদীভাঙন নিয়ে অনিশ্চয়তা বা উদ্বেগে থাকতে হবে না। নদী তীরবর্তী মানুষের বসতভিটা ও ফসলি জমি রক্ষায় সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ বাস্তবায়ন করছে।

পরিদর্শনকালে তিনি পাটুরিয়া ঘাট থেকে হরিরামপুর পর্যন্ত ভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। যেসব স্থানে জরুরি প্রতিরক্ষা প্রয়োজন, সেখানে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে ক্ষয়ক্ষতি কমাতে ইতোমধ্যে অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ সময় তিনি ঢাকার দোহার উপজেলার আওরঙ্গবাদ থেকে ব্রাহা বাজার ঘাট পর্যন্ত চলমান নদী তীর সংরক্ষণ কাজও পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।